নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে আফসানা মিমি (২৮) নামের এক স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন ওরফে সাগর (৩০) কে আটক করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার বকাপুর এলাকা থেকে তাকে আটক করেছে।
আটককৃত সাদ্দাম হোসেন উপজেলা সদর মধ্যবাজার গ্রামের জান মোহাম্মদের ছেলে।
জানা যায়, মহাদেবপুর সদর মধ্য বাজার এলাকার জান মোহাম্মদের ছেলে সাদ্দাম হোসেন ও তার স্ত্রী আফসানা মিমি মহাদেবপুর উপজেলা সদরের দুলালপাড়া এলাকায় জৈনক তোফাজ্জল হোসেনের বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলো।
গত ১৬ মার্চ পারিবারিক বিরোধের জের ধরে সাদ্দাম হোসেন তার স্ত্রীকে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাতে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় আফসানা মিমিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয় লোকজন। তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, আফসানা মিমিকে হত্যা ঘটনায় শনিবার দিবাগত রাত ৯ টার দিকে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

