মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর শহরের কোর্ট মোড়ের পন্ডের ঘাট এলাকায় ইট বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইমন হোসেন (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ও নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির (৪০) আহত হয়েছেন।
রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন শহরের বোসপাড়ার বাবুল হোসেনের ছেলে এবং আহত হুমায়ুন কবির কুষ্টিয়ার কুমারখালীর আবুল খয়েরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন ও হুমায়ুন মোটরসাইকেলযোগে মুজিবনগরের দিক থেকে মেহেরপুর শহরের দিকে আসছিলেন। একই সময়ে একটি ইট বোঝাই ট্রাক্টরও একই দিক থেকে আসছিল। শহরের পন্ডের ঘাট এলাকায় পৌঁছালে একটি গম বোঝাই ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের গম সড়কে ছড়িয়ে পড়ে এবং মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। এ সময় পিছন থেকে আসা ট্রাক্টরের চাকা ইমনের শরীরের উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে ইমন ও হুমায়ুনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আহত হুমায়ুন কবির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.