রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনকভাবে অবনতি হয়েছে। গত দুই মাসে নগরীতে অন্তত ৮টি হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে ৫টি ঘটনায় গুলি করে ভিকটিমকে হত্যা করা হয়েছে। এ সময় গোলাগুলি ও ধারালো অস্ত্রের আঘাতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, এসব হত্যাকাণ্ড মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক কোন্দলকে কেন্দ্র করে ঘটছে। নগরীতে সক্রিয় একাধিক সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের এসব হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্যমতে, খুলনায় বর্তমানে ৬ থেকে ৭টি সক্রিয় সন্ত্রাসী গ্রুপ সক্রিয়।
আহতদের বেশিরভাগকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসা দেওয়া হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা বলেন, “সাম্প্রতিক হত্যাকাণ্ড ও সহিংসতা অত্যন্ত উদ্বেগজনক। শুধুমাত্র পুলিশের ওপর দায়িত্ব চাপিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে সমন্বিত ও চৌকসভাবে কাজ করতে হবে।” তিনি অপরাধ দমনে নিরাপত্তা বাহিনীকে আরও দক্ষ ও প্রফেশনাল হওয়ার পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান জানান, “অপরাধ নিয়ন্ত্রণে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। তবে অনেক সন্ত্রাসী জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে।”
বর্তমানে এসব হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাগুলোতে অন্তত ৩০ জনকে আসামি করা হয়েছে। পরিস্থিতি নিয়ে নগরবাসী দ্রুত কঠোর আইন প্রয়োগ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.