ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট ও অব্যবস্থাপনায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে মোটরসাইকেল চালকদের দুর্ভোগ এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।
সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন টোটন ফিলিং স্টেশনে তেল সরবরাহ শুরু হলে স্বস্তি ফিরবে বলে আশা করা হয়েছিল। তবে বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র। ভোর থেকেই শত শত মোটরসাইকেল চালক তেলের আশায় লাইনে দাঁড়ান। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেই লাইন বাসস্ট্যান্ড ছাড়িয়ে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ হয়ে যায়।
প্রখর রোদে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে চালকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়। লাইনে দাঁড়িয়ে থাকা একাধিক চালক অভিযোগ করে বলেন, উপজেলায় তিনটি ফিলিং স্টেশন থাকলেও বর্তমানে শুধুমাত্র একটি স্টেশন চালু রয়েছে। বাকি দুটি স্টেশন বন্ধ থাকায় সব চাপ একটি পাম্পের ওপর পড়েছে।
তাদের দাবি, “তিনটি পাম্প একসাথে চালু থাকলে এত দীর্ঘ লাইন হতো না। আমাদের কাজ ফেলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যা চরম ভোগান্তির।”
স্থানীয় সচেতন মহলও মনে করছেন, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া এ পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। তারা বলছেন, সংকট মোকাবেলায় উপজেলার সব ফিলিং স্টেশন থেকে সমন্বিতভাবে তেল সরবরাহ নিশ্চিত করতে হবে।
উপজেলাবাসীর আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে জ্বালানি সংকট আরও তীব্র হয়ে জনদুর্ভোগ বাড়তে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.