সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার একটি গুরুত্বপূর্ণ সড়কের পাকাকরণ (আরসিসি) নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে পৌরসভার আলমপুর এনএম উচ্চ বিদ্যালয় থেকে কবিহার পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
জানা গেছে, ১ কোটি ২২ লাখ ৫৯ হাজার ২২ টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (বেড-এ-২) এর আওতায় সড়কটি নির্মাণ করা হচ্ছে। কাজটি বাস্তবায়ন করছে মেসার্স জিন্না এন্টারপ্রাইজ।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম লিটন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “এই সড়কটি নির্মিত হলে কয়েক হাজার পৌরবাসীর যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। কাজটি যাতে ড্রইং, ডিজাইন ও এস্টিমেট অনুযায়ী সম্পন্ন হয়, সে বিষয়ে কঠোরভাবে মনিটরিং করা হবে।”
স্থানীয়রা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হলে এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং জনদুর্ভোগ কমবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.