মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের খাঁগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—খাঁগড়া হিন্দুপাড়া গ্রামের মৃত রঞ্জন চন্দ্র মন্ডলের ছেলে কৃষ্ণ চন্দ্র মন্ডল (৫৭), শ্যামল চন্দ্র মন্ডল (৫৫), কৃষ্ণ চন্দ্র মন্ডলের স্ত্রী পূষ্পারানী (৪৫), ছেলে পলাশ চন্দ্র (২৮) এবং দিলীপ চন্দ্র মন্ডলের স্ত্রী দীপ্তি রানী (৩৫)।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন একই গ্রামের শান্ত (৩০), মিজানুর রহমান (২৮), হায়াতবক্স (৩০), সায়েদ আলী (৫৫), মজিবর রহমান (৫০), রাব্বানী (৩০), শাহাবুদ্দিন (২৮), হারুন (৩২)সহ আরও অজ্ঞাত ১০-১৫ জন।
ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্তদের কয়েকজন মাদক সেবন করে রাত সাড়ে ১০টার দিকে তাদের বাড়ির খলিয়ানে এসে অশালীন আচরণ ও উচ্চ শব্দে হৈচৈ করতে থাকে। এতে ঘুম ভেঙে গেলে তাদের সরে যেতে অনুরোধ করা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং কিছুক্ষণ পর ২০-৩০ জনের একটি দল নিয়ে এসে অতর্কিত হামলা চালায়।
এসময় হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় এবং পরিবারের সদস্যদের মারধর করে আহত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভুক্তভোগীরা রাত ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলেও তাৎক্ষণিক পুলিশি সহায়তা পাননি বলে অভিযোগ করেন তারা। বর্তমানে ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং হামলাকারীদের পক্ষ থেকে হুমকি অব্যাহত রয়েছে বলে জানান।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন, ঘটনাটি তার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

