যশোর প্রতিনিধি
আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষাকে সামনে রেখে যশোর শিক্ষা বোর্ডে ১৯টি পরীক্ষা কেন্দ্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে সমসংখ্যক ১৯টি নতুন কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে। সব মিলিয়ে বোর্ডের আওতায় ২৯৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আবেদন ও জেলা প্রশাসকের সুপারিশের ভিত্তিতে বোর্ডের পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এসব কেন্দ্র স্থগিত করা হয়েছে।
বাতিল হওয়া কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, সাতক্ষীরার সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়, খুলনার রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুরের বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, রোটারি স্কুল, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন জেলার মোট ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান।
অন্যদিকে নতুন অনুমোদন পাওয়া কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে রূপসার জে কে এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ডুমুরিয়ার বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়, তেরখাদার শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন উপজেলার মোট ১৯টি প্রতিষ্ঠান।
বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে সব কেন্দ্রে সিসিটিভি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ১২টি পরিদর্শন টিম গঠন করা হয়েছে, যারা পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করবে।
যশোর বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিয়ামত ইলাহী জানান, পরিদর্শন টিমগুলো স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করে ১৩ এপ্রিলের মধ্যে তাদের কার্যক্রম সম্পন্ন করবে।
তিনি আরও জানান, শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

