কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে বিক্ষুব্ধ জনতা পাঁচটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ সময় বাদল মিয়া নামে এক ব্যক্তিকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশের দায়িত্ব অবহেলার অভিযোগও তুলেছেন স্থানীয়রা।
সোমবার রাতে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী, উত্তর লোহাজুরী ও চরকাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদককারবারিদের দৌরাত্ম্যে যুবসমাজ বিপথগামী হয়ে পড়ছে। এ বিষয়ে জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।
একপর্যায়ে উত্তেজিত জনতা দক্ষিণ লোহাজুরী গ্রামের সাইফুল ইসলাম (বিলপাড়), মুহিউদ্দীন কালা ও তার স্ত্রী রোকিয়া বেগম (কাজীর মোড়), আমজাদ হোসেন (বাকশা বাড়ি), উত্তর লোহাজুরী গ্রামের ডিশান মিয়া এবং চরকাউনিয়া গ্রামের বাদশা আফ্রাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
এর আগে সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ সীমান্তবর্তী একটি সেতুর ওপর থেকে বাদল মিয়া নামে এক ব্যক্তিকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করে স্থানীয়রা। পরে তাকে কটিয়াদী মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক বাদল মিয়া দক্ষিণ লোহাজুরী গ্রামের আইন উদ্দিন বেপারীর ছেলে।
এলাকাবাসীর অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও পুলিশ মাদক ব্যবসার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি। বরং মাদক কারবারীরা প্রকাশ্যে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। এরই প্রতিবাদে জনতা এ পদক্ষেপ নেয়।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, স্থানীয়দের হাতে আটক বাদল মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.