ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে একটি অটো পার্টসের দোকানের ইটের দেয়াল ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ প্রায় আট লাখ টাকার মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। পুরো ঘটনাটি দোকানের সিসি ক্যামেরায় ধারণ হয়েছে।
জানা গেছে, কানাইপুর এলাকার ‘রোকেয়া অটো অ্যান্ড মোটরস’ নামের দোকানে ৩০ মার্চ দিবাগত মধ্যরাতে এ চুরির ঘটনা ঘটে। চোর পূর্ব পাশের ইটের দেয়াল ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে ক্যাশ বাক্সে থাকা প্রায় দুই লাখ টাকা এবং বিভিন্ন মালামাল নিয়ে যায়।
চুরি হওয়া মালামালের মধ্যে চারটি আইপিএস ব্যাটারি ও ১১টি বড় পাউডার ব্যাটারি রয়েছে বলে জানিয়েছেন দোকানের স্বত্বাধিকারী মঞ্জুর খান। তিনি জানান, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি দোকানের ভেতরে প্রবেশ করে এবং ভাঙা দেয়ালের অংশ দিয়ে মালামাল বাইরে বের করে নেয়।
তিনি আরও জানান, চুরির সময় ওই ব্যক্তি মুখে গামছা বেঁধে রাখলেও এক পর্যায়ে পানি পান করার সময় তার মুখমণ্ডল স্পষ্টভাবে ক্যামেরায় ধরা পড়ে।
এ ঘটনায় মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে মঞ্জুর খান বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.