সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বাগেরহাটে জাতীয় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে বাগেরহাট সড়ক বিভাগ আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রাং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী এবং ষাটগুম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম।
জানা গেছে, বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-বাগেরহাট-খুলনা (এন-৮০৭) জাতীয় মহাসড়কের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এই বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
বক্তারা বলেন, মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিকল্পিতভাবে রাস্তার পাশে বৃক্ষরোপণ করা হলে একদিকে পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে সড়কের নিরাপত্তাও বৃদ্ধি পাবে।
তারা আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

