ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে জমি জবরদখল ও গ্রামবাসীকে মামলা-হামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে আবদুল মান্নান নামে এক ভূমিদস্যু ও তার সহযোগীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ গ্রামের নূরানী বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দক্ষিণ চরদরবেশ ছমদিয়া জামে মসজিদের সভাপতি মাস্টার নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবি ছিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ পরিচালনা কমিটির সহসভাপতি ফজলুল হক, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ও ব্যবসায়ী আবুল হাসেম, কৃষক দল নেতা শহীদ উল্যাহ, ব্যবসায়ী জসিম উদ্দিন, কৃষক প্রতিনিধি মো. সেলিম, আনোয়ার হোসেন, সমাজপতি হাজী আবু সুফিয়ান, আনার আহমদ, শামছুল হক, মো. আবদুল্লাহ, মো. সোহেল ও গৃহবধূ মোমেনা আক্তার পারভীন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, আবদুল মান্নান একজন ভূমি জবরদখলকারী ও ভূমিদস্যু। তিনি দীর্ঘদিন ধরে তার সাঙ্গপাঙ্গদের দিয়ে গ্রামের নিরীহ মানুষদের জমি জবরদখল, হামলা ও মামলা দিয়ে হয়রানি করে আসছেন। নূরানী বাজারে মৌরশী মালিকরা ৩৫-৪০ বছর ধরে ব্যবসা চালিয়ে আসলেও মান্নান ও তার ছেলে-সন্তান একাধিক ব্যক্তির জমি জবরদখলের চেষ্টা চালাচ্ছেন। সাম্প্রতিক সময়ে মান্নান নিজেকে জামায়াতকর্মী দাবি করে সহযোগীদের সঙ্গে মিলে নতুনভাবে নিরীহ লোকদের জমি দখলের চেষ্টা চালিয়েছেন।
বক্তারা আরও জানান, ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ দিলেও পাল্টা অভিযোগের মাধ্যমে হয়রানি করা হয়। মান্নান ও তার সাঙ্গপাঙ্গরা নূরানী বাজারের প্রবীণ ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে জবরদখলের চেষ্টা চালানোর ফলে এলাকাবাসী ক্ষোভে ফুঁসে ওঠেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান এবং মান্নানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধনের পূর্বে নূরানী বাজারের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.