আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে সাতক্ষীরার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন। বুধবার (১ এপ্রিল) দুপুরে তিনি ইউনিয়ন পরিষদে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু ইউনিয়ন পরিষদে গিয়ে পরিষদের একটি কক্ষে ঈদ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চালের মধ্যে ৩০ কেজি ওজনের ৩ বস্তা চাল এবং ৬টি কম্বল দেখতে পান। তিনি চাল ও কম্বল ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মনজুরুল ইসলামের জিম্মায় রেখে যান।
এ সময় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, চাল ও কম্বল ইউপি প্রশাসনিক কর্মকর্তার কাছে সংরক্ষণ করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু অসুস্থতাজনিত কারণে হাসপাতালে থাকায় তিনি এ সময় ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকতে পারেননি বলে জানা গেছে।

