মো. হাসিবুল আলম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে পৃথক তিনটি ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি উত্তরপাড়া এলাকায় শাহ আলমের ছেলে সিয়াম কলাক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রাজ্জাক মিয়া।
একই দিন দুপুরে উপজেলার টেকিপাড়া এলাকায় সাধন চন্দ্র সরকার (৪১) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার মৃত মোহন সরকারের ছেলে। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘেঁচুয়া পশ্চিমপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় জেমেলা বেগম (৫৫) নামে এক নারী নিহত হন। তিনি মৃত পেশকার আলীর স্ত্রী। স্থানীয়দের ধারণা, নলুয়া-গোড়াই সড়কে সিএনজিচালিত কোনো যানবাহনের ধাক্কায় তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, পৃথক ঘটনাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

