মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসার উপজেলায় প্রেমিকার বাড়ির সামনে বিয়ের স্বীকৃতি ও স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে অনশনে বসেছেন বিশ্বজিৎ বাড়ৈ (২৮) নামে এক যুবক। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অনশনকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামে প্রেমিকা অনুশীলা বাড়ৈর বাড়ির সামনে অবস্থান নিয়েছেন বিশ্বজিৎ। তিনি একই উপজেলার বিপ্রদাশ পাত্রের ছেলে। বিশ্বজিতের দাবি, অনুশীলার সঙ্গে তার প্রায় ১০ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে এবং চার বছর আগে তারা কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেন।
বিশ্বজিৎ সাংবাদিকদের জানান, “অনুশীলার নার্সিং পড়াশোনার জন্য আমি প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা খরচ করেছি। আমরা দীর্ঘদিন ঢাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে বসবাস করেছি। সম্প্রতি সে একটি বেসরকারি হাসপাতালে চাকরি পাওয়ার পর পরিবারের প্ররোচনায় আমার সঙ্গে দূরত্ব তৈরি করে। গত ১২ দিন ধরে সে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বাধ্য হয়ে আমি তার বাড়ির সামনে অনশনে বসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি এখান থেকে উঠব না।”
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে অনুশীলা বাড়ৈ বলেন, “তার সঙ্গে আগে সম্পর্ক ছিল, তবে সে জোর করে আমাকে কোর্ট ম্যারেজে সই করায়। আমি এক সপ্তাহ আগে আইনগতভাবে তাকে ডিভোর্স দিয়েছি। এখন তার সঙ্গে সংসার করা সম্ভব নয়।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.