মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে নারীঘটিত বিরোধের জেরে রাসেল (২০) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।
আহত রাসেল ওই গ্রামের ভ্যানচালক বাদশা শেখের ছেলে। তিনি পেশায় খোয়া ভাঙার শ্রমিক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার ফেলু ফকিরের ছেলে কাবুল (২৫) তার স্ত্রীর সঙ্গে রাসেলের পরকীয়ার সন্দেহে এই হামলা চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.