Nabadhara
ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ছাদের পানির ট্যাংকে ডিজেল মজুত, ৭৫০ লিটার জব্দ

নোয়াখালী প্রতিনিধি
এপ্রিল ৩, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে একটি বসতবাড়ির ছাদের পানির ট্যাংকে অবৈধভাবে মজুত রাখা ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। অভিযানে বসির সারেং ওরফে বসু সেরাংয়ের বাড়ির ছাদের পানির ট্যাংকে বিপুল পরিমাণ ডিজেল মজুতের প্রমাণ পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে পানির ট্যাংক ব্যবহার করে গোপনে জ্বালানি তেল সংরক্ষণ করা হচ্ছিল। পানির পরিবর্তে ট্যাংকে তেল থাকার বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় এভাবে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যেই এই তেল মজুদ করা হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, জব্দ করা ৭৫০ লিটার ডিজেল বাজেয়াপ্ত করে চর হাসান ভূইয়ার হাট বাজারে লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীর কাছে ডিপো মূল্যে তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়েছে।

এ সময় পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অবৈধভাবে দাহ্য পদার্থ মজুতের দায়ে বসু সেরাংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।