ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বাজারের বেশ কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাজার এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয় এবং প্রায় এক ঘণ্টা ধরে তা চলতে থাকে। সংঘর্ষে একদিকে মনসুরাবাদ গ্রামের লোকজন এবং অন্যদিকে খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের লোকজন অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মনসুরাবাদ গ্রামের সঙ্গে পার্শ্ববর্তী তিন গ্রামের দীর্ঘদিনের বিরোধ ছিল। শুক্রবার সন্ধ্যায় খাপুরা গ্রামের এক ব্যক্তিকে মনসুরাবাদ এলাকায় মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে খাপুরাসহ আশপাশের তিন গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মনসুরাবাদ বাজারে হামলা চালায়। এতে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয় এবং চার থেকে পাঁচটি দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে মনসুরাবাদ গ্রামের ১০ জন এবং অপর তিন গ্রামের ১০ জন রয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সবার নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। তবে নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.