ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় দিনব্যাপী ব্যস্ত সফর করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, এমপি। বৃহস্পতিবার (৪ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকায় এসে তিনি বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন ও চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করেন।
সকাল থেকে প্রতিমন্ত্রী নগরকান্দা উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সরকারি দপ্তর পরিদর্শন করেন। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং উপজেলা ভূমি অফিস উল্লেখযোগ্য। পরিদর্শনকালে তিনি সরকারি সেবার মান যাচাই করেন এবং সাধারণ মানুষ যাতে হয়রানিমুক্তভাবে সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে দুপুরে তিনি সালথা উপজেলায় পৌঁছে স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি অফিসসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর ঘুরে দেখেন। এ সময় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “উন্নয়ন কাজের গুণগত মানের বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে, যাতে সাধারণ মানুষ দ্রুত এর সুফল ভোগ করতে পারে।”
এছাড়া সফরের অংশ হিসেবে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিএনপির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

