বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
স্যানিটারি ইন্সপেক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসআইডব্লিউএবি)-এর ১১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে জামালপুরের আহসান হাবীব জিলানী জুয়েলকে আহ্বায়ক করা হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) রাতে ঢাকার মহাখালী আইএইচটি অডিটরিয়ামে অনুষ্ঠিত সংগঠনটির সাধারণ সভায় সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান উজ্জ্বল এ কমিটি ঘোষণা করেন।
জানা গেছে, পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় মজিবুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা নাসির উদ্দিন রতন। সভার সিদ্ধান্ত অনুযায়ী সর্বসম্মতিক্রমে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বরিশালের সৈয়দ এনামুল হক ও রংপুরের মানিকুজ্জামান মানিককে। সদস্য হিসেবে রয়েছেন ঢাকার আব্দুল করিম মিয়া, মনির হোসেন, আ. হালিম, চট্টগ্রামের নিজাম উদ্দিন, রাজশাহীর মাহমুদ রেজা, নরসিংদীর সাইফুল ইসলাম, সিলেটের সাইফুল ইসলাম ও খুলনার জালাল উদ্দিন। এছাড়া সদ্য সাবেক সভাপতি মজিবুর রহমান উজ্জ্বলকে প্রধান উপদেষ্টা করা হয়েছে।
আহ্বায়ক কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নবনির্বাচিত আহ্বায়ক আহসান হাবীব জিলানী জুয়েল বলেন, “এসআইডব্লিউএবি একটি গুরুত্বপূর্ণ ও বৃহৎ সংগঠন। এ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগঠনকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করছি।”
আহসান হাবীব জিলানী জুয়েল বর্তমানে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। তিনি উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

