সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা সংবিধান অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালনের কথা থাকলেও অতীতে তাদের ওপর প্রভাব খাটিয়ে ভোট কাটানোসহ নানা অনিয়ম করানো হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার উপজেলা ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিগত সরকারের সময় বিশেষ করে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)-দের ওপর চাপ প্রয়োগ করে নানা অনিয়মে সম্পৃক্ত করা হয়েছিল। একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে হবে। কোনো ধরনের রাজনৈতিক বা অন্য কোনো চাপ গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি না হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন ডাকবাংলো ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২২ লাখ টাকা। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ডুপ্লেক্স এই ভবনটি নির্মিত হলে এলাকার প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে।
মাগুরা জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী হাসিনা মমতাজ।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রোকনুজ্জামান খান, মো. ফারুক হোসেন, আমিনুর রহমান খান, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা-সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

