নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দীর্ঘদিনের নৌ-যান ও ফেরি সংকট নিরসনে সরকার উদ্যোগ নিয়েছে। ঈদুল আজহার আগেই একটি নতুন ফেরি যুক্ত করার চেষ্টা চলছে। এছাড়া দ্বীপাঞ্চলের নৌপরিবহন ব্যবস্থার নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার (৪ এপ্রিল) সকালে হাতিয়ার নলচিরা চৌঘাট এলাকা পরিদর্শনকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এসব কথা জানান। তিনি বলেন, “দ্বীপাঞ্চলের মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সরেজমিনে এসে আমরা পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছি। দলমত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।”
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানান, হাতিয়ার উভয় পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফেরি চলাচল আরও নিরাপদ ও টেকসই করতে ঘাটের র্যাম্প উন্নয়ন এবং দুই পাশের নদীর তীর স্থায়ীভাবে সংরক্ষণের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, “নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নে মন্ত্রণালয়ের আরও কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়িত হলে দ্বীপাঞ্চলের মানুষের যাতায়াত অনেক সহজ হবে।”
পরিদর্শনে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.