বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফেরাতে বিআইডব্লিউটিএ’র (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ) উদ্যোগে চলমান খনন প্রকল্পকে ঘিরে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নদ খননের আড়ালে তীরবর্তী ফসলি জমি কেটে বালি উত্তোলন করা হচ্ছে, যার ফলে বিলীন হয়ে যাচ্ছে চাষযোগ্য জমি এবং বাড়ছে ভাঙন।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিং কার্যক্রম শুরু করা হলেও বাস্তবে নদীর মূল অংশের পরিবর্তে তীরবর্তী এলাকাতেই বেশি খনন চলছে। অভিযোগ রয়েছে, নদ থেকে প্রায় এক হাজার ফুট দূরের পাড় ঘেঁষে খনন করা হচ্ছে, যা সরাসরি কৃষিজমির ওপর প্রভাব ফেলছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, খননের ফলে তাদের ফসলি জমি ধসে নদীগর্ভে চলে যাচ্ছে। একই সঙ্গে বাড়িঘর হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা। দ্রুত এই কার্যক্রম বন্ধ করে মূল নদে খনন করার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়রা আরও বলেন, নদ শাসনের নামে এভাবে কৃষিজমি ধ্বংস করা হলে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

