মুন্সীগঞ্জ প্রতিনিধি
উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত মুন্সীগঞ্জের সদর,লৌহজং ও শ্রীনগর উপজেলায় শুরু হয়েছে শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। ১টি পৌরসভা ও তিনটি উপজেলার মোট ১৫টি ইউনিয়নের ৪৭টি কেন্দ্রে রবিবার সকাল ৯টা থেকে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
জেলা সদরের ৪টি কেন্দ্রে রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের হাম-রুবেলা টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে সদর উপজেলার ৪টি ইউনিয়ন ১৬টি কেন্দ্রে, লৌহজং উপজেলার ৫টি ইউনিয়নের ১৩টি কেন্দ্র এবং শ্রীনগর ৬টি ইউনিয়নের ১৮টি কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য সুত্রে জানা যায়, জেলায় ১০ হাজার ৯৫০ ভায়াল টিকা এসেছে। যা প্রাথমিক অবস্থায় আগামী ৩ সপ্তাহে জেলায় ১ লাখ ৯ হাজার শিশুকে টিকা কর্মসূচি চলবে। পরবর্তী সময়ে চাহিদা অনুযায়ী আসবে আরও টিকা।
উল্লেখ্য, ইতিমধ্যে মুন্সীগঞ্জ জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৪৭ জন পরীক্ষা করেছেন। এদের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১১ জন এবং এপিডেমিওলজিক্যালি পরীক্ষায় ১৫ জনের হাম শনাক্ত করা হয়েছে। আক্রান্তরা সবাই শিশু। তাদের মধ্যে বর্তমানে ৪ জন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের বিশেষায়িত হাম ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে।

