নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো: সেলিম হত্যার ঘটনায় পুলিশ ৪ কিশোরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের নাম সজল, শাওন, ফয়সাল ও রাজিন। তারা সবাই দাদপুর ইউনিয়নের বাসিন্দা।
সুধারাম থানার ওসি মো. তৌহিদুল ইসলাম জানান, শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের শিশু আদালত-১ হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালতের শুনানি শেষে রিমান্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ঘটনার বিস্তারিত জানা গেছে, শনিবার সন্ধ্যায় দাদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো: সেলিমের বাড়ির সামনে কিশোর চক্রের সদস্যরা তার ছোট ছেলে অন্তর এর ওপর হামলা চালায়। খবর পেয়ে ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলায় মো: সেলিম নিহত হন। এই ঘটনায় সেলিমের বড় ছেলে সাকির থানায় মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অন্তর ও এলাকার কিশোরদের মধ্যে পূর্ব থেকেই সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ছিল। শনিবার দুপুরে ফোনে অন্তরের সঙ্গে সজলের বাকবিতণ্ডা ঘটে। সন্ধ্যা ৭টার দিকে সজল তার সহযোগীদের নিয়ে অন্তরের বাড়ির সামনে এসে ইট-পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। শোরগোল শুনে মো: সেলিম তার দোকান থেকে বের হয়ে ছেলেদের রক্ষা করতে এগিয়ে যান।

