নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় হাম-রুবেলা প্রতিরোধে শিশুদের জন্য বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে জেলার পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান।
ক্যম্পেইনে ৬ মাস বয়স থেকে ৫৯ মাস বয়সের শিশুদের হাম রুবেলার এক ডোজ টিকা প্রদান করা হচ্ছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তের হার বেশি হওয়ায় পোরশা উপজেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ উপজেলার জন্য ১৮ হাজার ভায়েল এসেছে। যা থেকে ১৭ হাজারের বেশি ৫ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে টিকা দেওয়া হবে।
সকাল ৮টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রতিদিন টিকা দেওয়া হবে। আগামী ঈদুল আযহার আগ পর্যন্ত চলবে এই কার্যক্রম। জেলায় এ পর্যন্ত ১২৫ জন শিশুর হামের উপসর্গ রয়েছে। এখন পর্যন্ত ১০ জন হাম রোগে আক্রান্ত হয়েছে। যাদের বয়স ৫ থেকে ১০ মাস। পরবর্তীতে জেলার নিয়ামতপুর উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু করা হবে।
শিশুকে নিয়ে টিকা দিতে আসা নিতপুর বাজার এলাকার কামরুন নাহার নামে এক মা বলেন, আমার বাচ্চার বয়স ১৭ মাস। ১৫ মাস বয়সে যে হাম রুবেলার টিকা সেটি নিয়েছি। টিকা নেওয়ার পরেও আমার বাচ্চার শরীরে হামের লক্ষ্মণগুলো দেখতে পাচ্ছি।
চোখ লালচে হয়ে যাচ্ছে কান, নাক দিয়ে পানি পড়তেছে সাথে সর্দি জ্বরও হচ্ছে। কয়েকদিন থেকে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছি আজকে টিকা দেওয়া হবে দেখে আবারও বাচ্চাকে নিয়ে এখানে আসছি। যদি দেওয়া যায় তাহলে দিবো।
অনুষ্ঠানে নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম,সহকারী পুলিশ সুপার শ্যামলী রাণী বর্মন, পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান ও স্বাস্থ্যবিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বক্তাগন বলেন, সম্প্রতি শিশুদের মাঝে হাম রোগের প্রাদুর্ভাব বেশী দেখা দেয়ায় পোরশা উপজেলায় বিশেষ ক্যাম্পেইন শুরু করা হয়েছে। এছাড়া সকল পর্যায়ে সচেতনতা গড়ে তোলা হচ্ছে। কার্যক্রমের অংশ হিসেবে বেশী আক্রান্ত এলাকাগুলোতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে।
তারা আরও বলেন, ৬ মাস বয়স থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সের শিশুদের মধ্যে হাম রোগে আক্রান্তে মৃত্যু ঝুঁকি বোশী থাকে। তাই টিকার পাশাপাশি ভিটামিন এ গ্রহনের পরামর্শ দেয়া হচ্ছে। পর্যাপ্ত টিকা মজুত আছে বলেও জানান কর্মকর্তাগন।

