মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে মাছ চুরির অভিযোগে শুকুর আলী মৃধা (৪৫) নামে এক ব্যক্তিকে ধরে স্থানীয় জনতা নৃশংস নির্যাতন চালিয়ে তার দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার চুনখোলা ইউনিয়নের সাহিদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শুকুর আলী মৃধা উপজেলার কাঁচনা গ্রামের মোসলেম আলী মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে চুনখোলার সাহিদের মোড় এলাকায় একটি মাছের ঘের থেকে মাছ চুরির সময় শুকুর আলীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে আটকে রাখে। সকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে তাকে ওপর চালানো হয় নির্মম নির্যাতন। অভিযোগ রয়েছে, এ সময় তার দুই চোখ উপড়ে ফেলা হয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.