নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল উপজেলায় মো. খোকন (৩২) নামে এক যুবককে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রী পোল সংলগ্ন ঝোঁপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত খোকন ওই এলাকার হোসেন আলী পাটোয়ারী বাড়ির বাসিন্দা মো. ফারুক হোসেনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন খোকন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে শনিবার (৪ এপ্রিল) রাতে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৯০) করা হয়।
স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও নিয়ে গিয়ে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করে। পরে মরদেহটি দৌলতপুর গ্রামের মন্ত্রী পোল সংলগ্ন ঝোঁপে ফেলে যায়। রোববার রাতে স্থানীয়রা ঝোঁপের মধ্যে অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে ওসি আব্দুল মোন্নাফ বলেন, “মরদেহটি পোড়ানো অবস্থায় পাওয়া গেছে। তবে ফরেনসিক রিপোর্ট পাওয়ার আগে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.