কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী নুর আলম দয়াল এখন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। কিডনি রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে তিনি বাঁচার আকুতি জানিয়েছেন সমাজের বিত্তবান ও দানশীল মানুষের কাছে।
জানা গেছে, দয়াল বুঝতেই পারেননি কখন মরণব্যাধি তার শরীরে বাসা বেঁধেছে। গত ২০ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার কিডনির সমস্যা ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, তার কিডনিতে গুরুতর সংক্রমণ হয়েছে এবং দ্রুত অপারেশন প্রয়োজন।
বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের চিকিৎসকের তত্ত্বাবধানে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার দুটি কিডনিতেই জটিলতা রয়েছে এবং অস্ত্রোপচার ছাড়া সুস্থ হওয়ার সম্ভাবনা নেই।
দয়ালের জীবন কাহিনীও অত্যন্ত করুণ। পিতৃহীন অবস্থায় দরিদ্র পরিবারের সন্তান হিসেবে নানা বাড়িতে তার বেড়ে ওঠা। বর্তমানে বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। প্রতিবন্ধী ভাতা, একটুকরো সরকারি জমিতে ঘর এবং অনুদানে পাওয়া একটি ছোট দোকানই তার একমাত্র সম্বল। রাজমিস্ত্রির কাজ করে কোনোভাবে সংসার চালালেও অসুস্থতার কারণে এখন সেটিও বন্ধ।
নুর আলম দয়াল বলেন, “আমার সহায়সম্বল বলতে তেমন কিছুই নেই। কিডনি রোগে আক্রান্ত হয়ে এখন মৃত্যুশয্যায় আছি। ঠিকমতো খাবার জোটে না, সেখানে চিকিৎসার টাকা কীভাবে জোগাড় করবো? আমার একমাত্র বৃদ্ধা মা ছাড়া পরিবারে আর কেউ নেই।” এ কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
এ অবস্থায় দয়াল সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও প্রবাসীদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।
তার সঙ্গে যোগাযোগ বা সাহায্য পাঠাতে: ০১৭১০-৪৩২০০২ (বিকাশ/নগদ)।

