ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় নাসির মিয়া (২২) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।
রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১১টার দিকে উপজেলার সরাইল সদর ইউনিয়নের শ্রীডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা এলাকার কুতুব মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীডোবা এলাকায় ঢাকা অভিমুখী একটি ড্রাম ট্রাক বিশ্বরোডগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার চালক নাসির মিয়া।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

