কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধভাবে দখল করা একটি খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে কুশলা বাজারের পশ্চিম পাশের খালটি দখলমুক্ত করা হয়।
জানা গেছে, ফারুক শেখ, ইউছুপ শেখ, মিলন ফকির, মিজান শেখ ও সামচুল শেখসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বাঁশের বেড়া দিয়ে খালটি দখল করে রেখেছিলেন। বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে খালটি দখলমুক্ত করে।
তবে স্থানীয়দের অভিযোগ, খালটির বিভিন্ন স্থানে এখনও পাকা ভবন ও দোকান নির্মাণ করে দখল করে রাখা হয়েছে। দ্রুত পুরো খালটি দখলমুক্ত করে পুনঃখননের দাবি জানিয়েছেন তারা।
খাল দখলের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ কালু বলেন, “খালটির বিভিন্ন অংশ এখনও দখলমুক্ত হয়নি। এটি সম্পূর্ণ দখলমুক্ত করে খনন করা জরুরি।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বলেন, “এটি একটি প্রবাহমান খাল। কিছু ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছিল। খালটি ভরাট বা দখল হয়ে গেলে আশপাশের ৭-৮টি গ্রামের কৃষি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। তাই আজ আমরা খালটি দখলমুক্ত করেছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.