আনিসুর রহমান সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় বনদস্যুর গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক কাঁকড়া শিকারি আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আতিয়ার রহমান বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে সুন্দরবনের নির্দিষ্ট এলাকায় কাঁকড়া আহরণ করতে যান আতিয়ার রহমান।
আতিয়ার রহমান জানান, সুন্দরবনের উপর থেকে তাদেরকে ডাক দিলে তারা তাদের ডাকে সাড়া না দিয়ে নৌকা বাইতে থাকলে বনদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান পিঠে বন্ধুকে ছাড়া লেগে তিনি গুরুতর আহত হন।
সহযোগী জেলেরা দ্রুত তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটবর্তী নিরাপদ স্থানে নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ ঘটনায় স্থানীয় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, মঙ্গলবার আনুমানিক বেলা ১২টার সময় গুলিবিদ্ধ অবস্থায় বুড়িগোয়ালিনী এলাকার জেলে আতিয়ার রহমান আমাদের অফিসে আসলে তাৎক্ষণিকভাবে আমরা আহত জেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি এবং শ্যামনগর থানা পুলিশ ও কৈখালী কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়েছে।
স্থানীয়রা বলেন, সুন্দরবনের বনজীবীদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। এ ঘটনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমি জানার সাথে সাথে হাসপাতালে গিয়েছি। রোগীর অবস্থা খারাপ দেখে দ্রুত সাতক্ষীরায় পাঠানোর কথা বলেছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

