বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে গরুচুরি, জুয়া ও মাদকের বিস্তার রোধে প্রতিবাদ সভা করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ইউনিয়নের মুক্তির বাজার প্রাঙ্গণে শান্তিপ্রিয় সচেতন জনগণের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মন্ডল। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী। এছাড়াও প্যানেল চেয়ারম্যান শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলগুলোতে সাম্প্রতিক সময়ে গরুচুরি, মাদক ও জুয়ার প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশেষ করে গরুচুরির ঘটনায় প্রান্তিক কৃষকরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এসব অপরাধ দমনে ইউনিয়ন পরিষদ, জনপ্রতিনিধি ও সচেতন জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলেও তারা জানান।
সভায় বক্তারা আরও উল্লেখ করেন, সম্প্রতি কাশারী ডোবা এলাকা থেকে চুরি হওয়া গরুসহ চিহ্নিত চোর সুরুজ সেক ও কোরবান আলীকে পার্শ্ববর্তী সারিয়াকান্দি উপজেলার মানিকদার এলাকা থেকে আটক করা হয়। পরে স্থানীয় জনতা তাদের গরুসহ সাপধরী ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কাছে হস্তান্তর করলে শতশত মানুষের উপস্থিতিতে সামাজিকভাবে বিচার সম্পন্ন হয় এবং গরু মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
তবে এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি পক্ষ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলে বক্তারা বলেন, এতে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এর প্রতিবাদ জানাতেই এ সভার আয়োজন করা হয়েছে।
সভা থেকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং গরুচুরি, মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.