মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলায় পেট্রোল ও ডিজেলের সীমিত সরবরাহের কারণে সাধারণ যানবাহন ও মোটরসাইকেল মালিকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নেওয়া বাধ্যতামূলক হয়ে উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার সদরে অবস্থিত মেসার্স মোজাফফর ফিলিং স্টেশনে সীমিত পরিমাণে তেল দেওয়া হয়েছে।
উপজেলার সদর, মাঝকান্দি ও কামারখালীতে মোট চারটি পেট্রোল পাম্প থাকা সত্ত্বেও চাহিদা মেটানো যাচ্ছে না। সকাল থেকেই ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক, কৃষি কাজের ট্রলি এবং শতশত মোটরসাইকেল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পেট্রোল নেওয়ার অপেক্ষায় ছিলেন। রাতে প্রতিটি মোটরসাইকেলকে ৩০০ টাকার সীমিত পরিমাণে পেট্রোল দেওয়া হয়। এছাড়া কৃষক ও অন্যান্য যানবহনও ডিজেল নিতে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন।
মোজাফফর ফিলিং স্টেশনের কর্মকর্তা জানান, সোমবার রাত থেকে খুলনা থেকে ৩ হাজার লিটার পেট্রোল ও ৯ হাজার লিটার ডিজেল সরবরাহ এসেছে। তবে মাঝে মাঝে বিদ্যুৎ সমস্যা ও সীমিত সরবরাহের কারণে তেল বিতরণে জটিলতা তৈরি হচ্ছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুর রহমানের তত্ত্বাবধানে গভীর রাত পর্যন্ত তেল বিতরণ করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, মথুরাপুর বাজার, জামালপুর বাজারসহ কিছু এলাকায় খোলা বাজারে ১৪০ টাকায় ডিজেল বিক্রি হচ্ছে। কিছু ব্যক্তি মটরসাইকেলে তেল নিয়ে তা আবার বেশি দামে বিক্রি করছেন, ফলে পাম্পে লাইন আরও দীর্ঘ হচ্ছে।
এ বিষয়ে সহকারি কমিশনার মোঃ এরফানুর রহমান বলেন, “আমরা সব সময় অবস্থান করতে পারি না। যদি অভিযোগের সত্যতা নিশ্চিত করা যায়, তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.