ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত ‘মিড ডে মিল’ কর্মসূচিতে অনিয়ম ও মানহীন খাবারের অভিযোগ উঠেছে।
উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (৬ এপ্রিল) ১৫০ শিক্ষার্থীর জন্য বিতরণকৃত বনরুটির অন্তত ১৭টিতে শ্যাওলা ও ছত্রাক দেখা যায়। কিছু রুটির ভেতর থেকে দুর্গন্ধও বের হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর স্কুল কর্তৃপক্ষ দ্রুত রুটি বিতরণ বন্ধ করে দেয়, তবে এর আগেই কিছু শিক্ষার্থীর হাতে তা পৌঁছে গিয়েছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে আমরা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।”
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, “শিশুদের খাবারে এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি যথাযথভাবে তদন্ত করা হবে।”
অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘স্বদেশ পল্লী’ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে সংযোগ পাওয়া যায়নি। স্থানীয়রা অভিযোগ করেছেন, তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো প্রায়ই নিম্নমানের খাবার সরবরাহ করে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম তাহেরুল ইসলাম বলেন, বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে অবহিত করেছেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৯ মার্চ থেকে ফেনী জেলার সোনাগাজী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৩,৪৮২ শিক্ষার্থীর জন্য এক বছরের ‘মিড ডে মিল’ কর্মসূচিতে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.