Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় উপজেলা নির্বাচন ঘিরে সরগরম মাঠ, এগিয়ে জামায়াত, প্রস্তুত বিএনপি

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
এপ্রিল ৭, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ শেষ হতে না হতেই খুলনার তেরখাদা উপজেলায় বইতে শুরু করেছে উপজেলা পরিষদ নির্বাচনের আগাম হাওয়া। তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন।

ঈদ, বসন্তী পূজা ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে তারা বাড়াচ্ছেন জনসংযোগ, করছেন ভোটারদের মন জয়ের চেষ্টা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন শুধু প্রার্থী বাছাইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; বরং এটি হয়ে উঠছে রাজনৈতিক শক্তির প্রভাব যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। বিশেষ করে আওয়ামী লীগের অংশগ্রহণ এখনো অনিশ্চিত থাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা।

ইতোমধ্যে জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা পরিষদের তিনটি পদেই প্রার্থী চূড়ান্ত করেছে। চেয়ারম্যান পদে দলটির মনোনয়ন পেয়েছেন অধ্যাপক স. ম. এনামুল হক। ভাইস চেয়ারম্যান পদে সাজ্জাদুর রহমান রাসেল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী করা হয়েছে মোছা. জামিলা খাতুনকে। ফলে মাঠে শুরু থেকেই সংগঠিতভাবে প্রচারণা চালাচ্ছে দলটি।

অন্যদিকে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না করলেও সম্ভাব্য চার নেতা ইতোমধ্যে মাঠে সক্রিয় রয়েছেন। তারা হলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ রবিউল হোসেন, সাবেক সদস্য সচিব এফ. এম. হাবিবুর রহমান, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য অধ্যক্ষ ইকরাম হোসেন জমাদ্দার এবং লন্ডন প্রবাসী সাবেক ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলা যুবদলের সিনিয়র নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন বাবু এবং ছাত্রদল নেতা আমিনুল ইসলাম আমিন সক্রিয় রয়েছেন। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে এখনো কাউকে সামনে আনতে পারেনি দলটি।

নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা বসে নেই। উপজেলার বিভিন্ন এলাকায় ব্যানার-পোস্টার টানানো, গণসংযোগ, উঠান বৈঠক এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন তারা। এতে করে উপজেলা সদর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চায়ের দোকান থেকে হাট-বাজার—সবখানেই এখন সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। কে এগিয়ে, কার জনপ্রিয়তা বেশি—এসব হিসাব-নিকাশেই ব্যস্ত সাধারণ ভোটাররা।

রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, এবারের উপজেলা নির্বাচন তেরখাদার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। তাই প্রার্থীরা এখন থেকেই কৌশল নির্ধারণ, জনসংযোগ বৃদ্ধি এবং নিজেদের অবস্থান শক্ত করতে জোর তৎপরতা চালাচ্ছেন। সব মিলিয়ে তেরখাদা উপজেলা এখন পরিণত হয়েছে এক আগাম নির্বাচনী উত্তাপের কেন্দ্রে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।