ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলায় ইজিবাইকে করে অবৈধভাবে পেট্রল পরিবহনের দায়ে জুবায়ের হোসেন (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
দণ্ডিত জুবায়ের উপজেলার কাঠিয়ার গট্টি গ্রামের আলেপ শেখের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দবির উদ্দিন এবং সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান।
অভিযানকালে একটি ইজিবাইক থেকে ১৯৩ লিটার পেট্রল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জুবায়ের উপজেলার বিভিন্ন বাজার থেকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করেছিলেন।
নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি ও অবৈধভাবে জ্বালানি সংগ্রহের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে এ অর্থদণ্ড প্রদান করেন। জব্দ করা পেট্রল স্থানীয় ‘মেসার্স মনোয়ারা পেট্রোল পাম্পে’ বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউএনও মো. দবির উদ্দিন বলেন, “জনস্বার্থ রক্ষা এবং দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মের তথ্য পেলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.