মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিনের সঙ্গে প্রেসক্লাব মোল্লাহাটের সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ইউএনও’র কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ইউএনও সুমনা আইরিন উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, “উপজেলার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা আমাদের কাজকে আরও সহজ করবে।”
তিনি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে বলেন, মোল্লাহাটের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে তারা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তারা আশ্বাস দেন, উপজেলার কল্যাণে গৃহীত যেকোনো উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনের পাশে থেকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা ও আব্দুল্লাহ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, প্রচার সম্পাদক এস এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ইমলাক শেখ এবং সাংবাদিক আশিকুল ইসলাম মিয়া, আল হাফিজ শেখ ও তাজ উদ্দিন মিয়া প্রমুখ।

