যশোর প্রতিনিধি
সড়ক নিরাপত্তা জোরদার ও জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থানে রয়েছে যশোর জেলা প্রশাসন। হেলমেট ও বৈধ কাগজপত্র ছাড়া কোনো যানবাহনকে জ্বালানি সরবরাহ না করার নির্দেশনা দেওয়া হয়েছে পেট্রোল পাম্প মালিকদের।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নির্দেশনায় র্যাব-৬ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে বিশেষ তদারকি অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোটরসাইকেলের ক্ষেত্রে চালক ও আরোহী উভয়ের হেলমেট বাধ্যতামূলক করা হয়। হেলমেট ছাড়া কাউকে জ্বালানি না দেওয়ার জন্য পাম্প মালিকদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাস, ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ক্ষেত্রে হালনাগাদ ফিটনেস সনদ না থাকলে তেল সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযান চলাকালে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ফুয়েল ট্যাংক থেকে অবৈধভাবে তেল বের করার প্রমাণ পাওয়া যায়। তবে চালক প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারায় এবং প্রথমবারের মতো অপরাধ বিবেচনায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
এ সময় মেসার্স মনির উদ্দিন আহম্মদ পেট্রোল পাম্প পরিদর্শন করা হয়। সেখানে বৈধ কাগজপত্র যাচাই ছাড়া তেল সরবরাহ না করতে মালিকদের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সচেতনতা বাড়াতে পাম্প এলাকায় লিফলেট বিতরণ ও নির্দেশনামূলক পোস্টার টাঙানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬ এর অধিনায়ক মেজর ফজলে রাব্বি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় জেলা পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জ্বালানি খাতে অনিয়ম বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট পেট্রোল পাম্পের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.