নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দকৃত তেলের বাজারমূল্য আনুমানিক ৩ লাখ টাকা।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশন হাতিয়ার উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালান। এ সময় কোনো বৈধ কাগজপত্র ছাড়াই মজুদকৃত প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।
পরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে তেল মজুদ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দকৃত তেল লাইসেন্সপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

