কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ১২ বছর বয়সী স্কুলছাত্র রবিউল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত রবিউল কালকিনি পৌরসভার ভূরঘাটা মজিদবাড়ি বাসস্ট্যান্ড এলাকার ফল ব্যবসায়ী খোকন সরদারের ছেলে এবং গোপালপুর ৯নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর এলাকায় নয়ন হাওলাদারের একটি অপরিকল্পিতভাবে নির্মিত ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে যায় রবিউল ও তার সহপাঠী রেদোয়ান। ওড়ানোর এক পর্যায়ে তাদের ঘুড়িটি ভবনের পাশ দিয়ে যাওয়া ১ লক্ষ ৩৩ হাজার ভোল্টেজের হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনের টাওয়ারে আটকে যায়। রবিউল ঘুড়িটি নামাতে গেলে শক্তিশালী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় প্রেরণ করেন। সেখানে কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে সে না ফেরার দেশে চলে যায়।
কর্তৃপক্ষের বক্তব্য: এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, "ঘটনাটি জানার পর এসআই সারোয়ারকে সরেজমিনে তদন্তের জন্য পাঠানো হয়েছিল। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এদিকে, জনবসতি এলাকায় অপরিকল্পিতভাবে হাইভোল্টেজ লাইনের পাশে ভবন নির্মাণ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.