যশোর প্রতিনিধি
পবিত্র হজকে সামনে রেখে যশোরে অনুষ্ঠিত হয়েছে হজ প্রশিক্ষণ ২০২৬। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক হজযাত্রী, ইমাম, খতিব ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে হজের নিয়ম-কানুন, স্বাস্থ্য সচেতনতা ও সার্বিক প্রস্তুতি বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, “হজ শুধু ধর্মীয় ইবাদত নয়, এটি শৃঙ্খলা ও প্রস্তুতির একটি সমন্বিত প্রয়াস। সঠিক জ্ঞান, শারীরিক সক্ষমতা ও মানসিক প্রস্তুতি ছাড়া হজ পালন পূর্ণতা পায় না।” তিনি হজযাত্রীদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা, সময়ানুবর্তিতা বজায় রাখা এবং সৌদি আরবের আইন-কানুন অনুসরণের আহ্বান জানান।
ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মোহাম্মদ মাসুম বিল্লাহ। তিনি বলেন, “হজ একটি দীর্ঘ ও কষ্টসাধ্য ভ্রমণ। এজন্য শারীরিক ও মানসিক প্রস্তুতির পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে ধর্মীয় বিষয়ক দিকনির্দেশনা প্রদান করেন যশোর আমিনিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সাখাওয়াত হোসেন। তিনি হজের বিভিন্ন ধাপ—ইহরাম, তাওয়াফ, সাঈ, আরাফাত, মুজদালিফা ও জামারাতে পাথর নিক্ষেপ—সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং শুদ্ধভাবে হজ পালনের ওপর গুরুত্বারোপ করেন।
স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেন সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোঃ আমিরুজ্জামান। তিনি হজযাত্রীদের টিকা গ্রহণ, নিয়মিত পানি পান, খাদ্যাভ্যাস ও তীব্র গরমে করণীয় বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
প্রশিক্ষণে হজের বিভিন্ন ধাপ চিত্র ও ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। পাশাপাশি ফ্লাইট সময়সূচি, সৌদি আরবে অবস্থান, পরিবহন ব্যবস্থা ও জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের মাঝে হজ গাইড বই ও প্রয়োজনীয় তথ্যপত্র বিতরণ করা হয়।
অংশগ্রহণকারী হজযাত্রীরা এ প্রশিক্ষণকে অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী বলে মন্তব্য করেন। তারা জানান, এ ধরনের প্রশিক্ষণ হজ পালনে তাদের আত্মবিশ্বাস বাড়াবে।
সমাপনী বক্তব্যে বিল্লাল বিন কাশেম বলেন, ইসলামিক ফাউন্ডেশন ভবিষ্যতেও হজযাত্রীদের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
ধর্মীয়, প্রশাসনিক ও স্বাস্থ্যগত দিকের সমন্বয়ে আয়োজিত এ প্রশিক্ষণ যশোরের হজযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.