নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর উন্নয়ন কার্যক্রমে অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করে প্রয়োজনভিত্তিক পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ২টায় গাজীপুরে উপাচার্যের দপ্তরের সম্মেলন কক্ষে পরিকল্পনা ও উন্নয়ন এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এস্টেট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে তিনি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন। সভায় পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মাহফুজ-উল আলম বিভাগের চলমান কার্যক্রম তুলে ধরেন। তিনি উপ-আঞ্চলিক কেন্দ্রগুলোর জমি অধিগ্রহণ, জনবল কাঠামো, জেলা ও উপজেলা পর্যায়ের কেন্দ্রগুলোর কার্যক্রম, মেডিকেল সেন্টার ও আইটিভিইটি (ITVET) স্থাপনের অগ্রগতি, উত্তরা আঞ্চলিক কেন্দ্রের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন উদ্যোগ, বিভিন্ন প্রকল্পের ডিপিপি ও সম্ভাব্যতা সমীক্ষার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এস্টেট বিভাগের বিশ্ববিদ্যালয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. রেজাউল ইসলাম মূল ক্যাম্পাসসহ বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন এবং চলমান নির্মাণকাজের অগ্রগতি তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, “বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ ও সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।” তিনি অবকাঠামো নির্মাণে গুণগত মান নিশ্চিত, তদারকি জোরদার, ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ উন্নয়ন এবং লিফটসহ মৌলিক সুবিধা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়নেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি.এম আহমেদ হুসেইন বক্তব্য রাখেন। এ সময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

