শামসুল হক ভূঁইয়া, গাজীপুর
১৯৭৮ সাল থেকে ব্যবসায়িক ও ব্যক্তিগত কাজে ট্রেনে নিয়মিত যাতায়াত করতেন মো: মফিজুল ইসলাম (৬০)। সেই সময় তিনি বেশ কয়েকবার বিনা টিকিটে ভ্রমণ করেছেন। অর্ধশতাব্দী পর, দীর্ঘ দিনের অনুশোচনা থেকেই তিনি সেই ভ্রমণের অর্থ পরিশোধ করার সিদ্ধান্ত নেন।
মফিজুল ইসলাম শ্রীপুর রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারের কাছে ২০ হাজার টাকা পরিশোধ করে দীর্ঘদিনের অনুশোচনা ঘোচালেন। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার চন্নাপাড়া গ্রামের মো: আব্দুল মান্নান বেপারির ছেলে এবং বর্তমানে বেপারিবাড়ী ফাতেমাতুজ যাহ্রা (রাঃ) মহিলা মাদরাসা পরিচালনা করছেন।
মফিজুল ইসলাম জানান, ১৯৭৬ সালের দিকে ব্যবসার শুরুতে শ্রীপুরে উৎপাদিত কাঁঠাল ঢাকায় ট্রেনের ছাদে পরিবহন করতেন। সেই সময় তিনি টিকিট না কেটে দায়িত্বরতদের ১ টাকা দিয়ে যাতায়াত করতেন। পরবর্তীতে উপলব্ধি করেন, সেই টাকা সরকারের কোষাগারে জমা হয়নি। কয়েক দশক পরে তিনি নিজে হিসাব করে ২০ হাজার টাকা জমা দেন।
শ্রীপুর রেলস্টেশন মাস্টার মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১লা এপ্রিল মফিজুল ইসলাম স্টেশনে এসে ২০ হাজার টাকা জমা দিয়েছেন, যা ৬ এপ্রিল রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে। তিনি এ কাজকে অনন্য দায়িত্ববোধ ও অনুশোচনার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন এবং বলেন, যারা আগেও বিনা টিকিটে যাত্রা করেছেন, তারা চাইলে রেল স্টেশনে গিয়ে এ ধরনের টাকা জমা দিতে পারবেন।
মফিজুল ইসলামের এই উদ্যোগ সততার উদাহরণ হিসেবে প্রশংসা কুড়িয়েছে এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার বার্তা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.