রুয়েট প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক কোর্সে ৪র্থ ধাপে ভর্তি প্রক্রিয়ার বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে ওরিয়েন্টেশন ৯ মে এবং ক্লাস শুরু ১০ মে থেকে হওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী ও ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪র্থ ধাপে ভর্তি হতে প্রার্থীদের ২১ এপ্রিল সকাল ১০টায় রুয়েট গেস্ট হাউজে উপস্থিত থাকতে হবে। সেখানে কাগজপত্র যাচাই, স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত ফি প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য প্রার্থীদের ভর্তি বাতিল হতে পারে। প্রার্থীদের অবশ্যই সকল প্রাসঙ্গিক সনদপত্র, নম্বরপত্র, প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। এছাড়াও, বিভাগ নির্বাচন, কোটা সংক্রান্ত তথ্য ও অন্যান্য শর্তাবলি বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ায় ‘অটো মাইগ্রেশন’ সুবিধা চালু রাখছে। এর মাধ্যমে প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের পছন্দমতো উচ্চতর বিভাগের আসনে স্থানান্তরের সুযোগ পাবেন।
রুয়েট কর্তৃপক্ষ প্রার্থীদের সতর্ক করে বলেছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলকে নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://admission.ruet.ac.bd থেকে পাওয়া যাবে।

