লামা, আলীকদম(বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের আলীকদম উপজেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের আওতায় সড়ক নির্মাণ কাজকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সরকারি বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার না করে নিম্নমানের ইট ও পাহাড়ের মাটি ব্যবহার করে কাজ সম্পন্ন করা হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থ বছরে কাবিটা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে “নুর হোসেনের বাড়ি হতে ফাঁসিয়াখালী” সড়ক সংস্কার ও উন্নয়ন প্রকল্পের জন্য ৪ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে স্থানীয়রা জানান, নির্ধারিত ১ নম্বর ইটের পরিবর্তে ২ নম্বর ইট ব্যবহার করা হচ্ছে এবং বালির বদলে পাহাড়ের মাটি ব্যবহার করা হচ্ছে।
প্রকল্পের সভাপতি ও ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহানের বিরুদ্ধে এসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বরাদ্দের পুরো অর্থ খরচ না করে নিম্নমানের কাজের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা করা হচ্ছে।
একই অভিযোগ সোনাইছড়ি এলাকায় ব্রীক সলিং সড়ক নির্মাণের ক্ষেত্রেও এসেছে। সেখানে ইটের নিচে বালির স্তর না দেওয়া, নিম্নমানের ইট ব্যবহার এবং ভাঙা কালভার্টের ওপর দিয়ে সড়ক নির্মাণের মতো ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে।
চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, “এমন নিম্নমানের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কাজটি শতভাগ মানসম্মতভাবে সম্পন্ন করতে হবে।”
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনজুর আলম জানিয়েছেন, “অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। সত্যতা পাওয়া গেলে সড়কটি পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা দ্রুত তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

