ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ এপ্রিল) বিকেলে শিবরামপুর আরডি একাডেমি স্কুল মাঠে ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সহিদুল ইসলাম।
অনুষ্ঠানে মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন শিবরামপুর আরডি একাডেমির প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রকৌশলী ও সমাজসেবক এবং জেলা যুবদলের সদস্য জিয়াউদ্দিন মোল্লা হিরক, ইউপি সদস্য শাহ মোঃ শের আলম, শাহান মুন্সী মামুন, সফিকুল ইসলাম মুজা প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সন্ধ্যার পর কোনো শিক্ষার্থীকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা গেলে পুলিশ তাকে আটক করবে।” তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ছোট শিশুদের হাতে মোবাইল ফোন না দেওয়াই উত্তম, কারণ এসব ডিভাইসের মাধ্যমে তারা বিভিন্ন অসামাজিক কনটেন্টে জড়িয়ে পড়তে পারে।
তিনি আরও বলেন, অভিভাবকদের উচিত সন্তানদের পড়ালেখা ও দৈনন্দিন কার্যক্রমে নজর রাখা এবং তারা ঠিকমতো স্কুলে যাচ্ছে কি না তা নিশ্চিত করা। একইসঙ্গে সমাজ থেকে ইভটিজিং, বাল্যবিয়ে ও মাদক নির্মূলে সকলকে সচেতন হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার বলেন, “মাদক কারবারীদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিন। পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে।”

