হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ জিয়াউর রহমান নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং ও কুন্দিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক জিয়াউর রহমান বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে। বর্তমানে তিনি ঝিকরগাছার কুন্দিপুর গ্রামে বসবাস করতেন।
শুক্রবার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিঃ) সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি দল সকাল ১০টার দিকে নাভারণ এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জিয়াউর রহমানকে আটক করা হয়। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুন্দিপুরে তার বাসায় অভিযান চালিয়ে শয়নকক্ষের সানশেডের ওপর থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া তল্লাশির একপর্যায়ে ঘরের জুতার র্যাকের ভেতর থেকে ১৬ লাখ টাকা এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। মোট ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা মাদক বিক্রির অর্থ বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে আটক ব্যক্তি।
পুলিশ জানায়, জিয়াউর রহমান একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে পূর্বে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.