ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে ছাত্রদল নেতার একটি মৎস্য খামারে বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১০ এপ্রিল) গভীর রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর তিন বাড়িয়া-রহমত নগর হাজী আকবর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত রিফাতুল ইসলাম রিফাত জানান, তিনি স্থানীয় ছাত্রদল নেতা এবং শহীদুল ইসলামের ছেলে। বসতবাড়ির পাশে প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে গড়ে তোলা তার মৎস্য খামারে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছিল। শুক্রবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন করে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, গত ৭ এপ্রিল সকালে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার পরিবারের বিরোধ সৃষ্টি হয়। ওই ঘটনার জেরে তার জেঠাতো ভাই রাকিব হোসেনকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগও ওঠে। এ ঘটনায় মামলা হলে পুলিশ একজনকে গ্রেফতার করে।
ক্ষতিগ্রস্ত পরিবারের ধারণা, পূর্বের ওই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এই মৎস্য খামারে বিষ প্রয়োগ করা হয়েছে।
এ ঘটনায় রিফাতুল ইসলাম অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.