এমদাদ খান,মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলায় প্রবাসীর স্ত্রী সীমা আক্তার (১৯)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তিথিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সীমা আক্তার রাজৈর উপজেলার ঈশিবপুর ইউনিয়নের শাখারপাড়া এলাকার প্রবাসী আলিফ মোল্লার স্ত্রী। তিনি বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে জীবিকার তাগিদে তার স্বামী আলিফ মোল্লা ইউরোপে যান। এরপর থেকে দম্পতির মধ্যে মোবাইল ফোনে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল।
বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে স্বামীর সঙ্গে ফোনে কথা বলার সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নিজ কক্ষে সীমা আক্তার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা যায়। পরে পাশের কক্ষে থাকা তার ছোট বোন সাদিয়া (১৫) বিষয়টি টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের পুলিশ ইনচার্জ (এএসআই) জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

