ফরিদপুর প্রতিনিধি
লেবাননের রাজধানী বৈরুতে এক ভয়াবহ বিস্ফোরণে দীপালী আক্তার নামে ফরিদপুরের এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। গত ৮ এপ্রিল সংঘটিত ওই বিস্ফোরণে দীপালীসহ একই পরিবারের আরও ৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়।
নিহত দীপালী আক্তার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুর গ্রামের বাসিন্দা। তিনি শেখ মোফাজ্জল ওরফে মোকা শেখের মেয়ে। জীবিকার তাগিদে ২০২৪ সালে তিনি গৃহকর্মী হিসেবে লেবাননে পাড়ি জমান এবং সেখানে একটি পরিবারের সঙ্গে বসবাস করছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ভাই ও তিন বোনের মধ্যে দীপালী চতুর্থ ছিলেন। তার ছোট বোন লাইজু বেগম জানান, বর্তমানে দীপালীর মরদেহ বৈরুতের রফিক হারিরী ইউনিভার্সিটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। বৈরুতে অবস্থানরত বাংলাদেশিদের মাধ্যমে খবর পেয়ে ইতোমধ্যে বাংলাদেশ দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, “ঘটনাটি স্থানীয়ভাবে জেনেছি। নিহতের মরদেহ দেশে আনার বিষয়ে পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা প্রিয়জনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে দাফন সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.